২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ক্যাডেট কলেজ বাদে সেনাবাহিনী পরিচালিত ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বছর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ১৮ হাজার ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৪১০ জন। তাদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৬১৯ জন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০ দশমিক ৭৯ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সাফল্যের পেছনে রয়েছে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহের শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর নিবিড় পরিচর্যা ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
এ ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।