কমিউনিটি ব্যাংকে ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু

 

প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘কমিউনিটি ইসলামিক’ নামে নতুন এ সেবা চালুর মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমে যুক্ত হলো নতুন অধ্যায়।

গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর চকবাজার শাখায় ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত আইজি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন; বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; অতিরিক্ত আইজি ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।

‘কমিউনিটি ইসলামিক’ চালুর মধ্য দিয়ে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।