পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত মজুরি বোর্ড তাদের তৃতীয় সভা শুরু করেছে। সোমবার(২৩ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় সভাটি শুরু হয়। এদিন মালিকপক্ষ তাঁদের মজুরি প্রস্তাব করবেন।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে বোর্ডের ছয় সদস্য সভায় রয়েছেন।
গার্মেন্টস শিল্পের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, গার্মেন্টস শিল্পের মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এ বি এম সামছুদ্দিন, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিশেষজ্ঞ প্রতিনিধি বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সভায় উপস্থিত আছেন।
১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছিল।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছিলেন, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেমে থাকবে না। প্রচলিত শ্রম আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে ছয় মাস সময় রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, আইনি সময়সীমার আগেই প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।