প্যারিসসহ দেশের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করল ফরাসি সরকার

 

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের জেরে সহিংসতা ও লুটপাট অব্যাহত থাকায় প্যারিস, লিল, নিসসহ বেশ কয়েকটি শহরের কিছু অংশে আংশিক কারফিউ জারি করেছে ফরাসি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার এই কারফিউ জারি করা হয়। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকরনু প্যারিসে সর্বাত্মক কারফিউর সম্ভাবনা নাকচ করলেও জরুরি অবস্থার কথা উড়িয়ে দেননি। তিনি বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমার সংকল্প অবিচল।

প্যারিস পুলিশ জানায়, রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় সন্ধ্যা ৮টা থেকে বিক্ষোভ নিষিদ্ধ এবং প্রজাতন্ত্র চত্বর ও লে আলে এলাকায় রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই ব্যবস্থা মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া লিল, দুয়ে, ভাতিগ্নি ও দানাঁ শহরে আগামী দুই দিনের জন্য অপ্রাপ্তবয়স্কদের ওপর রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

ফরাসি বণিক ও খুচরা বিক্রেতা ফেডারেশন জানিয়েছে, সপ্তাহান্তে প্রায় তিন হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ১ হাজার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।