বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—ওমানের আল আমেরাত গ্রাউন্ডে আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের প্রথম ইনিংসের খেলা শেষে অনেকেরই জনপ্রিয় এই গান মনে হতেই পারে। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন বাংলাদেশের ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ের পর পাকিস্তান হেসেখেলেই উঠে গেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে। মানচিত্র দেখুন

ভারতকে গত বছর হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার পাকিস্তান নেমেছে শিরোপা ধরে রাখার মিশনে। আজ প্রথম ধাপ তারা পেরিয়েছে হেসেখেলে। ওমানের আল আমেরাত গ্রাউন্ডে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে পাকিস্তান শিরোপা নির্ধারণী ফাইনালে পা রেখেছে। জিততে কেবল ১৩১ বল লেগেছে।

৫০ ওভারে ১৩৯ রানের লক্ষ্য আহামরি কঠিন কিছু নয়। পাকিস্তান ম্যাচটা নিজের করে নিয়েছে উদ্বোধনী জুটিতেই। যদিও ৫৮ রানে ভেঙে যেতে পারত এই জুটি। দশম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশি স্পিনার এসকে জারিফ সিয়ামকে পুল করতে যান পাকিস্তানি ওপেনার হায়াম খান। তবে টপ এজ হওয়া বল প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হাতছাড়া করেছেন।

৩৭ রানে জীবন পাওয়ার পর সুযোগটা দারুণভাবে লুফে নিয়েছেন হায়াম। ১২৪ বলে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন উসমান খান ও হায়াম। একটা পর্যায়ে যেখানে ১০ উইকেটের জয় মনে হচ্ছিল, সেটা আর হয়নি। ২১তম ওভারের চতুর্থ বলে হায়ামকে ফেরান স্পিনার রবিউল হাসান অনিক। ক্যাচ ধরেন উইকেটরক্ষক ফরিদ হাসান। যিনি একই সঙ্গে বাংলাদেশের অধিনায়কও।মানচিত্র দেখুন

পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙাটাই বাংলাদেশের একমাত্র সফলতা। ২১.৫ ওভারে ১ উইকেটে পাকিস্তান করে ফেলে ১৪১ রান। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন হায়াম। ৭২ বলের ইনিংসে মেরেছেন ৮ চার ও ১ ছক্কা। আরেক ওপেনার উসমান ৫৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন।মানচিত্র দেখুন

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ওপেনার আব্দুল্লাহ আল মুহি ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। এটাই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। ওভারপ্রতি ৫-এর ওপরে রান তুলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারেনি দলটি। তৃতীয় উইকেটে মুহি-ফরিদের ৪৩ বলে ৪৩ রানের জুটিই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। পাকিস্তানের রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সায়াম।