স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাসহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চীন সফরে গেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুল খালেক।
চীনের ইউনান প্রদেশের কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল এবং ইউনান প্রদেশের পররাষ্ট্রবিষয়ক দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা, একাডেমিক যোগাযোগ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
সফরকালে দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় শিক্ষাসহযোগিতা জোরদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে কার্যকর ও ফলপ্রসূ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই সফর দুই দেশের শিক্ষা খাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।