বানিয়াচংয়ে বজ্রপাতে গেল দুই জেলের প্রাণ

ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের বানিয়াচংয়ের করচা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) ভোরে উপজেলার ৫ নম্বর দৌলতপুর গ্রামের করচার হাওরে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের পুত্র রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের পুত্র বাবুল বৈষ্ণব (৪০)।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকা নির্বাহ করতে করচা হাওরে মাছ ধরতে যান দুই জেলে। ভোরবেলা ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে দুজনেরই প্রাণহানি ঘটে। খবর পেয়ে তাদের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানিয়েছেন, বজ্রপাতে নিহতদের তথ্য-উপাত্ত জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে তাদেরকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বজ্রপাতে দুই জেলে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ডায়ালসিলেট এম/৩