ঢাকা টেস্টের চতুর্থ দিন বৃষ্টির কারণে দ্বিতীয় দফা খেলা বন্ধ আছে। বৃষ্টির দাপটের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছে সফরকারীদের।
২৭ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে বাংলাশের পুঁজি ১৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা তাই ১৭০ রানের। গত দুই দিন উইকেটে যেভাবে স্পিন ধরেছে, তাতে এই লক্ষ্যটাই আকাশসম মনে হচ্ছিল। কিন্তু রান তাড়ায় ক্যারিবীয়দের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেলের দারুণ ব্যাটিংয়ে জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
দুপুর ১টার পর দ্বিতীয় দফায় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে তখন বিনা উইকেটে ৬৪ রান। কিং ২৯ ও ক্যাম্পবেল ২৭ রানে অপরাজিত আছেন। জয় থেকে ১০৬ রানে দূরে রোস্টন চেজের দল।
বাংলাদেশকে অলআউট করার পথে প্রথম ইনিংসে সাতটির পর দ্বিতীয় ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের শিকার ৯ উইকেট। চেজ ৫ ও জোমেল ওয়ারিকান নেন ৪ উইকেট। স্পিনারদের এমন দাপটে আশা জেগেছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু উইকেটের সুবিধা কাজে লাগাতে পারছেন না মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসানরা।
স্পিনারদের দিয়েই দুই পাশ থেকে বোলিং শুরু করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত পেসার ব্যবহার করেননি নাজমুল হোসেন শান্ত। তবে ১৪.১ ওভারের খেলা শেষ হলেও এখনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। বোলিংয়ে এমন শুরুর পর ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গেছে স্বাগতিকদের জন্য। এই অবস্থা থেকে জেতার জন্য অতিমানবীয় কিছুই করে দেখাতে হবে স্পিনারদের।