মিস ইউনিভার্সে নেই ফিলিস্তিন, ইসরায়েলি সুন্দরীকে দুয়ো

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় ফিলিস্তিনের কোনো প্রতিনিধি না থাকলেও ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে জেরুজালেমের ছবিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলোনকাকে দর্শকদের একাংশ দুয়ো দেন। তবে কেউ কেউ তাঁকে করতালি দিয়ে স্বাগতও জানান।

সোমবার (২৩ নভেম্বর) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, ২৫ বছর বয়সী ইয়াবলোনকা সোনালি রঙের পোশাক, ম্যাচিং বুট ও বিশেষ নকশার মুকুট পরে মঞ্চে আসেন। তাঁর পোশাকের চাদরে ছিল জেরুজালেমের পুরোনো শহর, জলপাইগাছ ও জাফা কমলার ছবি। পাশাপাশি হিব্রু, আরবি ও ইংরেজি ভাষায় লেখা ছিল ‘শান্তি’ শব্দটি। পোশাকে আরও ছিল ‘জেরুজালেম, শান্তির নগরী’ বাক্যটি।

জেরুজালেমে জন্ম নেওয়া ডিজাইনার জ্যাকব মেইর পোশাকটি তৈরি করেছেন। ইয়াবলোনকা টাইমস অব ইসরায়েলকে বলেন, সংবাদ শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরতে চেয়েছেন তিনি।

তবে গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনার মধ্যে জেরুজালেমের প্রতীক ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ সদস্য পূর্ব জেরুজালেমকে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে।

এদিকে এবারের প্রতিযোগিতায় ফিলিস্তিনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক মিস ইউনিভার্স প্রতিনিধি নাদিন আয়ুব। গত বছর প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন তিনি।

দ্য ন্যাশনালকে আয়ুব বলেন, ‘গত বছর প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি আমার পিঠে জেরুজালেমের ছবি বহন করেছিলাম। এ বছর মিস ইসরায়েলের পোশাকে জেরুজালেম দেখা গেল, অথচ সেই মঞ্চে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি ছিল না।’

আয়ুব আরও বলেন, ‘আমাদের অনুপস্থিতির তাৎপর্য এখানেই। বিশ্ব জেরুজালেমের ছবি দেখছে, কিন্তু সেগুলোর অর্থ ফিলিস্তিনিদের কাছে কী, তা বলার জন্য কোনো ফিলিস্তিনি নারীর কথা শুনছে না।’

কেন ছিলেন না ফিলিস্তিনের প্রতিনিধি

আয়ুব জানিয়েছেন, এবারের প্রতিযোগিতার জন্য ফিলিস্তিনি প্রতিনিধি বাছাইয়ের উদ্যোগ নিয়েছিলেন তিনি। গত আগস্টে মিস প্যালেস্টাইন অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে একটি জাতীয় প্রতিযোগিতার ঘোষণা দেন। ফিলিস্তিন ও প্রবাসে বসবাসরত নারীদের অংশগ্রহণের সুযোগ রেখে অক্টোবরে জর্ডানে চূড়ান্ত পর্ব আয়োজনের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই আয়োজন বাস্তবায়িত হয়নি।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আয়ুব বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় একজন প্রতিযোগীকে প্রস্তুত করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন। ডিজাইনার, পোশাক, মেকআপ, চুলের সাজ, প্রশিক্ষণ, জনসংযোগ, গণমাধ্যম ব্যবস্থাপনাসহ নানা খাতে ব্যয় রয়েছে।

আয়ুব জানান, এত দিন নিজের সঞ্চয় থেকেই মিস প্যালেস্টাইনের কার্যক্রম পরিচালনায় অর্থ ব্যয় করেছেন। এ জন্য ফিলিস্তিনি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, উদ্যোক্তা ও স্পনসরদের সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর আহ্বান, ভবিষ্যতে যেন প্রতিবছর একজন ফিলিস্তিনি নারী আন্তর্জাতিক এই মঞ্চে নিজের ভাষায় দেশের গল্প তুলে ধরতে পারেন।

উল্লেখ্য, ২০২২ সালে মিস প্যালেস্টাইন নির্বাচিত হয়ে ওই বছর মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেন আয়ুব। সেখানে সেরা পাঁচে জায়গা পান তিনি। ২০২৩ সালে মিস ইউনিভার্সে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও গাজায় যুদ্ধ শুরুর কারণে তা পিছিয়ে দেন। পরের বছর ২০২৫ সালে প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে সেরা ৩০-এ পৌঁছান।

এবারের মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ২৪ নভেম্বর। এবারের প্রতিযোগিতায় জর্ডান, লেবানন, ইরাক, তিউনিসিয়া, মিসরসহ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।