যানজটমুক্ত ও পরিচ্ছন্ন সিলেট গড়তে হকারদের সহযোগিতা চাইলেন প্রশাসক

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তুলতে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা না করার জন্য হকারদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, হকারদের জীবিকা ও পারিবারিক দায়িত্বের বিষয়টি সিটি কর্পোরেশন আন্তরিকভাবে উপলব্ধি করে। এ কারণে কঠোর ব্যবস্থা গ্রহণের আগে বারবার সচেতন করা হচ্ছে। পাশাপাশি বিকল্প স্থানে ব্যবসা পরিচালনার সুযোগও করে দেওয়া হয়েছে।

প্রশাসক বলেন, কয়েকজনের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হওয়া কোনোভাবেই কাম্য নয়। সিলেট নগরীর সড়কগুলো যানবাহনের তুলনায় অনেক ছোট। তাই ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা সবার দায়িত্ব।

হকারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্ধারিত বিকল্প স্থানে গিয়ে ব্যবসা পরিচালনা করুন। সিটি কর্পোরেশন আপনাদের সহযোগিতা করতে চায়। আমরা চাই না কাউকে জেল-জরিমানা করতে হোক।

তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া আমি শূন্য, আর আপনাদের নিয়ে আমি পরিপূর্ণ।”

সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট নগরী গড়ে তোলার আহ্বান জানান সিটি কর্পোরেশনের প্রশাসক।