ফ্যাসিবাদ মোকাবিলা, জুলাই অভ্যুত্থান-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোকে এক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতি সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন, গত কয়েক দিন ধরেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতা-কর্মী, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এনসিপি নেতারা
পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব কি না—এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।’
নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন।