রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে গত ২০ সেপ্টেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল হায়াত দিপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশের সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা করা হয়।পুলিশ জানায়, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল হায়াদ দীপুকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।