সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে মহানগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকার ৯০ নম্বর স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণ পুলিশকে সহযোগিতা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩)। পুলিশ জানায়, জয়নন্দ পুরকায়স্থ অর্নব জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। অপরদিকে, রানা আলী মাসুদ রানা সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার এলাকার বাসিন্দা।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।