সিলেটে যক্ষ্মা (টিবি) আক্রান্ত, সন্দেহভাজন ও শনাক্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নবায়ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ অংশীদারিত্বের আওতায় সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের (টিবিএসটিসি) কার্যক্রম পরিচালনায় আগামী ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত আর্থিক সহায়তা দেবে ব্যাংকটি।মানচিত্র দেখুন
বৃহস্পতিবার ( ১২ নভেম্বর ) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নকৃত চুক্তির আওতায় সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন যক্ষ্মা শনাক্তকরণ, স্ক্রিনিং ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে যক্ষ্মার উপসর্গ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৮ জন সেবা নিতে আসেন। তাঁদের মধ্যে ১ হাজার ৮৪৩ জনের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়। অনুমোদিত অর্থায়নের মাধ্যমে আগামী এক বছর কেন্দ্রটিতে যক্ষ্মা শনাক্তকরণ, স্ক্রিনিং ও চিকিৎসাসেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখা সম্ভব হবে।
সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবায়নকৃত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নামদি চুকউমা নাদোজি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ঘড়ি কিনুন
এ অংশীদারিত্ব প্রসঙ্গে মো. জিয়াউর রহমান বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। আইসিডিডিআরবির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সিলেটে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে হাজারো রোগী প্রয়োজনীয় স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা পাবেন, যা তাঁদের সুস্থ জীবনে ফিরে আসতে সহায়তা করবে।’
এ উদ্যোগের মাধ্যমে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এবং জনস্বাস্থ্য উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আইসিডিডিআরবির সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশে যক্ষ্মা প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংকটি।মানচিত্র দেখুন