সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহের অপেক্ষায় স্বজনরা

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহগুলো সন্ধ্যায় নওগাঁয় পৌঁছানোর কথা রয়েছে। এরপর স্বজনরা নিজ নিজ উদ্যোগে জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন। নিহতদের পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।এদিকে স্বজনদের মরদেহ দেশে আসার খবরে সকাল থেকেই নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

প্রিয়জনের নিথর দেহ ফিরে পাওয়ার অপেক্ষা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। কেউ অপেক্ষা করছেন শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার, কেউ আবার শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, নিহত পাঁচজন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।শনিবার সকালে নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় শাহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মরদেহের অপেক্ষায় বসে আছেন মা নার্গিস বেগম।

কখনো কান্নায় ভেঙে পড়ছেন, কখনো আবার নির্বাক হয়ে তাকিয়ে থাকছেন পথের দিকে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও ভিড় করেছেন বাড়িতে। সবার অপেক্ষা, কখন আসবে শাহিনের নিথর দেহ।পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় চলতি বছরের এপ্রিল মাসে সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শাহিন। দেশে রেখে গিয়েছিলেন স্ত্রী, ছয় বছরের এক ছেলে, আট মাস বয়সি এক মেয়ে ও ৬০ বছর বয়সি মাকে। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া শাহিনের সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবে যাওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর আসে দেশে।ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মা নার্গিস বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেটা আগুনে পুড়ে মরে গেল।

আমার বুকের ধনটা আমাকে রেখে চলে গেল। আমি একা হয়ে গেলাম। এখন বাঁচব কী করে?শাহিনের মামি নিলুফা ইয়াসমিন বলেন, শাহিনের বয়স যখন চার বছর, তখন তার বাবা মারা যান। ছোট থেকেই অনেক কষ্ট করে শাহিন বড় হয়েছে। বিয়ের পর ভালো টাকা-পয়সা আয়ের আশায় সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করে বিদেশে গেল ছেলেটা। মারা যাওয়ার তিন দিন আগে প্রথমবারের মতো টাকা পাঠাতে চেয়েছিল।

১২ তারিখে ৩২ হাজার টাকা দিতে চেয়েছিল। বলেছিল ২০ হাজার টাকা দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করতে আর বাকি টাকা দিয়ে সংসারের কেনাকাটা করতে। কিন্তু সেই টাকা পাঠানোর আগেই আগুনে পুড়ে মারা গেল ছেলেটা।শাহিনের মামা আব্দুস সালাম বলেন, ছোট থেকেই আমার ভাগনে অনেক পরিশ্রমী ছিল। আমার ভগ্নিপতি মারা যাওয়ার পর আমার বোন অনেক কষ্ট করে শাহিনকে মানুষ করেছে। ছেলেটা ধারদেনা করে বিদেশে গেল। টাকা পাঠানো শুরু করবে, এমন সময়ই মারা গেল। পরিবারটা একেবারে অসহায় হয়ে পড়ল। সরকারের কাছে পরিবারটির দিকে সুনজর দেওয়ার দাবি জানাই।