৫১১ উদ্যোক্তার মাঝে ১৪ কোটি টাকার ঋণ বিতরণ করল বিসিক

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫১১ জন উদ্যোক্তার মাঝে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের অবদান বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আয়বৈষম্য কমানো, সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। শুধু বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে সবার কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব নয়। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় ২৫ শতাংশ। এ অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করতে হবে। এতে অর্থনৈতিক বৈষম্য কমার পাশাপাশি আয়ের সুষম বণ্টন নিশ্চিত হবে।

ঋণ কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এবং জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা। বর্তমান বাস্তবতায় এ ঋণের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি।

উদ্যোক্তা উন্নয়নে বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। পাশাপাশি ইউরোপীয় ও চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা ও ঋণ সহায়তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কর্মসংস্থানমুখী, বৈষম্যহীন ও বাসযোগ্য দেশ গড়তে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প সচিব আব্দুন নাসের খান, বিসিক পরিচালক (অর্থ) কাউজার মোহাম্মদ ফারাবী এবং উদ্যোক্তা শামীমা পারভীন ও হাজেরা আক্তার।