বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
আবেদনে উল্লেখ হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ মৃত্যু বরণ করেন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা মরদেহকে অশনাক্ত হিসেবে রায়ের বাজার কররস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ গ্রহণ এবং মৃতদেহ শনাক্তকরণের জন্য লাশ যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে কবর হতে উত্তোলন করা প্রয়োজন।
এসব লাশ পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, মৃত দেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এ ছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতের পর পরিবারের চাহিদা মোতাবেক মৃতদেহ তাদের কাছে হস্তান্তরে ব্যবস্থা নেওয়া দরকার।
এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা শেষে আবেদনটি মঞ্জুর করেন।
আদালত আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনা শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। একইসঙ্গে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এর ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।