ডায়াল সিলেট ডেস্ক: অবশেষে বদলি করা হয়েছে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী জাকিরকে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. আব্দুল আলীম স্বাক্ষরিত অফিস আদেশে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে বিষয়টি অবগত করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে উচ্চমান সহকারী জাকিরের অনিয়মের তদন্তের জন্য প্রথমে দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তীকে। কিন্তু তিনি অসুস্থতাজনিত কারণে অপারগতা প্রকাশ করায় পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহকে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে এ বদলি করেছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহকে।