২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের পর ৩ দিনের অনুশীলন সিলেটে
ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে সিরিজ

 

স্পোর্টস ডেস্ক :: সোমবার বিকেল থেকে শেরে বাংলার আশপাশ ও মিডিয়া পাড়ায় হঠাৎ খবর, আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে জাতীয় দলের আবাসিক অনুশীলন ক্যাম্প হবে সিলেটে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি সিলেটকেই বেছে নিয়েছেন প্র্যাকটিস ভেন্যু হিসেবে।

 

ভরাট ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। যাতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের সাবেক ও বর্তমান প্রায় সবাই খেলছেন। এর মধ্যে জাতীয় দলের আবাসিক ক্যাম্প সিলেটে, তাতে অংশ নেবেন কারা? কোনো দল কি প্রিমিয়ার লিগের খেলা বাদ দিয়ে খেলোয়াড় ছাড়বে? এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।

 

তবে খোঁজ নিয়ে জানা গেলো, ক্যাম্প হবে ঈদের ছুটির পর। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস আজ সোমবার দুপুরে মিডিয়ায় জানিয়েছেন, ঈদের পর সিলেটে একটা ক্যাম্প হবে। স্বল্প সময়ের ক্যাম্প। যাওয়ার আগে সেখানে হয়তো ২-৩ দিনের ছোট ক্যাম্প হবে।

 

জালাল ইউনুস বলেন, ‘তারিখ সম্ভবত ২৬-২৭ এপ্রিলের দিকে। এই রকম হবে। ওই সময় প্রিমিয়ার লিগ ঈদের ছুটিতে বন্ধ থাকবে।’

 

সিসিডিএম সূত্র নিশ্চিত করেছে, ঈদের ছুটিতে প্রিমিয়ার লিগ অন্তত এক সপ্তাহ বন্ধ থাকবে। ৩০ এপ্রিল অথবা ১ মে শুরু হবে সুপার লিগ। সেক্ষেত্রে ধরেই নেয়া যায়, জাতীয় দল যখন আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বে, প্রিমিয়ার সুপার লিগও মাঠে গড়াবে।

 

জালাল ইউনুস আরও জানান, সিলেটের উইকেট-কন্ডিশন চিন্তা করেই আবাসিক ক্যাম্প সেখানে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রিকেট অপস চেয়ারম্যান জানান, হেড কোচ হাথুরুসিংহে সিলেটকে মনোনীত করেছেন। তার মতে সিলেট হলে ভালো। একটু কোলাহলমক্ত নীরব একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল হাথুরুরর। ঢাকা থেকে বাইরে হলে, সিলেট ভেন্যুটা সবচেয়ে ভালো। সেজন্য ওই জায়গাটা সিলেক্ট করা হয়েছে।

 

এদিকে, ২ মে জাতীয় দল লন্ডন পৌঁছাবে। ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ আছে। আর ৯ মে প্রথম ওয়ানডে। এর পরের খেলা ১২ মে। শেষ ম্যাচ ১৪ মে। সবকটা খেলাই হবে লন্ডনের অদূরে চেসমফোর্ডে।

 

জালাল আরও বলেন, ‘অনুশীলন ম্যাচ ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে। পাশে বিলার্কবেল বলে একটা কাউন্টি মাঠ আছে কাছাকাছি। সেখানে অনুশীলন ম্যাচ হবে। চেমসফোর্ডের কাছেই একটা হোটেলে আমরা থাকবো। খুব একটা দূরে না। ব্যাসিকালি লন্ডন না। ওইখান থেকে ড্রাইভ হবে এক ঘণ্টা। কিন্তু আমরা থাকব চেমসফোর্ডের কাছে একটা হোটেলে।’