৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার বডি শেমিংয়ের শিকার শুভশ্রী

বিনোদন ডেস্ক ::

এবার বডি শেমিংয়ের শিকার হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ে, সংসার, মাতৃত্ব নিয়ে ব্যস্ত অভিনেত্রী দীর্ঘদিন পরে লাইভে এসেছিলেন।

তার ফ্যান ক্লাব থেকে ইনস্টাগ্রামে সেই লাইভের টুকরো ক্লিপিং শেয়ার করা হয়েছে। সেখানেই শুভশ্রীকে বলতে শোনা গিয়েছে, মাতৃত্বকালীন সময়ে ওজন বেড়ে যাওয়া নিয়ে নানা মন্তব্য ধেয়ে আসছেন তার দিকে।

সাধারণ থেকে সেলেব, ইদানিং সকলেই নানা ভাবে ট্রোলড হচ্ছেন। রোগা-মোটা, ফর্সা-কালো, সাজ-পোশাক, বিয়ে কিছুই বাদ যাচ্ছে না নেটাগরিকদের নজর থেকে। সেই তালিকায় শুভশ্রীও।

অনুরাগীরা তার থেকে জোরালো উত্তরের দাবি জানাতেই অভিনেত্রী জানিয়েছেন, মা হলে মেয়েদের ওজন আপনা আপনি বাড়ে। আমিও মা হয়েছি ওজনও বেড়েছে। যে কোনও মেয়ের কাছেই এটি গর্বের। তাই এই নিয়ে অযথা মাথাব্যথায় রাজি নই। তবে এ টুকু বলতে পারি, সবার কটাক্ষ আমি ইতিবাচক ভাবেই নিচ্ছি। দাবি, এতে দ্রুত রোগা হওয়ার জেদ আরও বেশি করে চাপছে তার। অভিনেত্রীর মতে, আরও বেশি করে সবাই তাকে ‘মোটা’ বলুন। তাহলেই ঝটপট ঝরে আবার আগের মতো ছিপছিপে হয়ে যাবেন।