৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক:  মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। গত বুধবার (১০ মে) বিকালে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি এলাকার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনা ঘটলে মুখপোড়া হনুমানটি গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার ভোরে হনুমানটির মৃত্যূ হয়।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বুধবার বিকেলে মুখপোড়া হনুমানটি রাস্তা পার হওয়ার সময় যানবাহনের সাথে ধাক্কা খায়। প্রাণীটির মাথার খুলি ফেটে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাণীটিকে বাচানো যায়নি।’ বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিকেরে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির সম্মুখে কয়েকটি মুখপোড়া হনুমান এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল। এ সময় একটি মুখপোড়া হনুমান গাছ থেকে নেমে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে হেঁটে হেঁটে পারাপার করতে গেলে হঠাৎ দ্রুত একটি সিএনজিচালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে পরিবেশকর্মী আহাদ মিয়াসহ স্থানীয়রা হনুমানটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

হীড বাংলাদেশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরেন্দ্র সিংহ বলেন, ‘প্রাণীটি খুব আঘাত পেয়েছে। প্রাথমিকভাবে আমরা মাথায় আঘাতপ্রাপ্ত জায়গার চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে পাঠিয়েছিলাম।’