১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কাজাখস্তানে এক সপ্তাহের সহিংসতায় নিহত কমপক্ষে ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক::গত এক সপ্তাহে কাজাখস্তানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত হয়েছেন কমপক্ষে ১৬৪ জন। এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ৫০০০ মানুষকে। স্থানীয় মিডিয়া রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। প্রাথমিকভাবে ভয়াবহ এই সহিংসতায় দেশটিতে প্রায় ১৭ কোটি ৫০ লাখ ইউরো ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। মন্ত্রণালয় বলেছে, কমপক্ষে ১০০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে হামলা, লুটপাট চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রায় ৪০০ গাড়ি। স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক বলেছে, এই সহিংসতায় দুটি শিশুসহ মোট ১৬৪ জন নিহত হয়েছেন। ১০৩ জন নিহত হয়েছেন কাজাখস্তানের প্রধান শহর আলমাটিতে। উল্লেখ্য, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়ে তা এখন পুরো দেশকে গ্রাস করেছে। পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। সেই ডাকে সাড়া দিয়ে রাশিয়ার সেনারা এখন কাজাখস্তানের ভিতরে অভিযানে। স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগামবায়েভ বলেছেন, এখন দেশের সব অঞ্চল স্থিতিশীল রয়েছে। তবে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি এ কথা বললেও আলমাটি শহরে মাঝে মাঝেই পুলিশের গুলির শব্দ শোনা যাচ্ছে। শহরের কেন্দ্রস্থলে যাতে মানুষ জড়ো হতে না পারে সেজন্য তারা ফাঁকা গুলি ছুড়ছে।