ডায়ালসিলেট ডেস্ক :; নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চর আমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সৌরভ হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে চর আমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে চরবালুয়া পুলিশ ফাঁড়ির এএসআই জাকির হোসেন জানান, সৌরভের নিজস্ব বুলডোজার মেশিন ছিল। তার মধ্যে একটি মেশিনের চালক ছিল স্থানীয় চরআমজাদ গ্রামের বাহার মিয়া। শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসাব করতে বাহারের বাড়িতে যায় সৌরভ। এর কিছুক্ষণ পর ১০-১২ জনের কালো মুখোশধারী একদল দুর্বৃত্ত বাহারের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এর একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনেহিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থালে সৌরভের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।