১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

ডায়ালসিলেট ডেস্ক:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, যুবদল কেন্দ্রীয় নেতা সোহেল আহম্মেদ, ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, জাসাস নেতা হাজী মো: আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা জামাল, শওকত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজু, বাগেরহাট জেলা যুবদলের সহ-সভাপতি কাজী মঞ্জুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সম্পূর্ণভাবে নির্দোষ সে বিষয়ে এখন শুধু দেশের মানুষই নয়, আন্তর্জাতিক আইনী প্রতিষ্ঠানও এ বিষয়ে সুষ্পষ্ট মতামত দিয়েছে। নাইকো মামলায় দেশনেত্রী বেগম জিয়া যে নির্দোষ সে বিষয়ে ২০১৯ সালের ২৫শে ফেব্রুয়ারি এই রায় দিয়েছে আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেষ্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি)’র আওতাধীন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিনিয়োগ সালিশি ট্রাইব্যুনাল। সুতরাং দেশনেত্রীর বিরুদ্ধে যে সকল মামলা দেয়া হয়েছে তা বানোয়াট, হয়রানীমূলক, নির্যাতনমূলক এবং তিলেতিলে তাঁর প্রাণসংহারের জন্য। এই মস্ত অন্যায়ের বিরুদ্ধে আজ সারাদেশের মানুষ ক্ষুব্ধ। এই মহা অন্যায়ের বিরুদ্ধে দিকে দিকে মানুষ ধিক্কার জানাচ্ছে।

তিনা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক আজ থেকে ঢাকা সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি।
মানুষ ভীতির মধ্যে আছে, কারণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। গতকাল প্রধান নির্বাচন কমিশনারের অধীনে কমিশন আসন্ন ঢাকা সিটি নির্বাচনে এমপিদের প্রচারণায় অংশ নিতে তোড়জোড় শুরু করেছে। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার চাকুরী রক্ষার্থে আগামী ৩০ জানুয়ারী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে আরেকটি অভিনব ভোটলুটের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে।

রিজভী বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ধানের শীষের মেয়র প্রার্থী এবং বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীসহ নেতাকর্মীদেরকে গ্রেফতার ও বাড়ীতে বাড়ীতে হুমকি এবং সরকারদলীয় সন্ত্রাসীদের আক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে। নির্যাতন এখন বিভৎস রুপ ধারণ করলেও নির্বাচন কমিশন নির্বিকার। হুমকি-ধামকি ও অপহরণের মাধ্যমে প্রার্থীসহ নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করা শুরু হয়েছে। হামলা চালিয়ে আহত করা হচ্ছে। অপহরণ ও গুম করাসহ বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে জোর করে প্রার্থীতা বাতিলে বাধ্য করা হচ্ছে। সার্বিক অবস্থায় এটি স্পষ্ট হচ্ছে যে, সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আবারও ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রহসনের নির্বাচন করতে চায় বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী।