ডায়ালসিলেট ডেস্ক::বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার সাজা স্থগিত থাকবে আগামী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গতকাল এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ই মার্চ সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত নেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এনিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। এ বছরের ২৪শে মার্চ চলতি মেয়াদ শেষ হবে। এর আগে ৬ মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছিল। গত ১৬ই মার্চ আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার পরিবারের আবেদনটি আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে এমন শর্তে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেয়া হয়েছে। সবকিছু আগের মতো, নতুন কিছু যুক্ত করা হয়নি। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদার পরিবারের আবেদনে তাকে ২০২০ সালের ২৫শে মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।
ডায়ালসিলেট এম/