১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চুরির অপবাদে শিশুকে পিলারে বেঁধে নির্যাতন

 

ডায়াল সিলেট ডেস্ক :: জুড়ীতে চুরির অপবাদে এক শিশুকে পিলারে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভূয়াই বাজারে এই নির্মমতার শিকার হয় স্থানীয় হাকালুকি অভয়াশ্রম বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ আহমদ। ভুক্তভোগীর পরিবার গরিব হওয়ায় এ ঘটনায় মামলা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং মীমাংসা করার জন্য তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে শনিবার শিশুটির বাবা বদরুল মিয়া অভিযোগ করেছেন।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূয়াই বাজারে ব্যবসায়ী অধীরের দোকানে ১২০ টাকা চুরি হয়। দোকান মালিকের ছেলে অসীম ঘটনাস্থলে মারুফকে (১২) দেখতে পেয়ে তাকে চোর সাব্যস্ত করে পাশের দোকানদার মাসুক মিয়ার কাছে নিয়ে যান। সেখানে শিশুটিকে পিলারের সঙ্গে বেঁধে মারধর করেন মাসুক। তিনি ক্লান্ত হলে পার্শ্ববর্তী দোকানদার ময়নুল ও সিএনজিচালক ফয়ছল আহমদও পেটান মারুফকে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আজাদ মিয়া শিশুটিকে উদ্ধার করেন।

 

শিশুটির বাবা স্থানীয় টাওয়ারের সিকিউরিটি গার্ড বদরুল শনিবার বলেন, মারুফকে অমানবিকভাবে পেটানো হয়েছে। এখনও তার চিকিৎসা চলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। থানায় অভিযোগ দেওয়ার পরও মামলা নেওয়া হয়নি, উল্টো মীমাংসার জন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িতে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে।
ইউপি সদস্য আজাদ বলেন, মারুফকে বেঁধে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এখন অভিযুক্তরা বিষয়টি আমাকে মীমাংসা করে দিতে বলছে।

 

অভিযুক্ত মাসুক মিয়া বলেন, মারুফ চুরি করেছে। কম চুরি করুক আর বেশি করুক, সে চোর। তাকে বেঁধে রেখেছি, তবে মারধর করিনি।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, শিশু মারুফকে নির্যাতনের অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।