মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলার জুড়ী থানা এলাকায় চোরাই গরু এবং ৬ পিস ইয়াবাসহ আফতাফুর রহমান কটাই (২৩) নামে একজনকে আটক করা হয়েছে। বিকেলে জুড়ী থানাধীন কামিনীগঞ্জ লামাবাজারস্থ গরুর হাট থেকে আলতাফুরকে আটক করা হয়।
জুড়ী থানা সুত্রে জানা যায়, ৮ মার্চ বিকেলে জুড়ী থানা পুলিশের কাছে সংবাদ আসে যে স্থানীয় লোকজন কামিনীগঞ্জ লামাবাজারের গরুর হাটে চোরাই গরুসহ একজনকে আটক করে রেখেছে।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে চোরাই গরুটি জব্দ করেন।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির জুড়ী থানার রানীমুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় জুড়ী থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।