২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌহাট্টায় সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

ডায়ালসিলেট::

সিলেট নগরের চৌহাট্টা এলাকায় গাড়ীর অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে সিলেট সিটি করপোরেশনের অভিযানের সময় সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্রসহ এক পরিবহন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এক নলার বন্দুক উদ্ধার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র দিয়ে ওই পরিবহন শ্রমিক সিসিকের শ্রমিকদের গুলি করার চেষ্টা করছিল।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চৌহাট্টা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের নাম ফয়সল আহমদ ফাহাদ (৩৮)। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ফাহাদ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারি বলেও জানায় সূত্র।

এরআগে বুধবার সকাল থেকে চৌহাট্টার গাড়ির অবৈধ স্ট্যান্ড না ছাড়ার জন্য পরিবহন শ্রমিকরা আন্দোলন শুরু করে এবং সিসিকের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি শান্ত করতে সিসিকের কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে কাউন্সিলর ও সিসিকের শ্রমিকদের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় পরিবহন শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে সিসিকের শ্রমিকরাও পরিবহন শ্রমিকদের ধাওয়া করলে সংঘর্ষটি আম্বরখানা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি মাইক্রোবাস ভাংচুর করা হয়।

সিলেট মহানগর ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ বলেন, ‘সরকারি রাস্তা দখল করে যানবাহন রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। কিন্তু সম্প্রতি সিসিকের উন্নয়ন কাজ শুরু হওয়ায় চৌহাট্টাস্থ এলাকার অবৈধ পরিবহন স্ট্যান্ড সরানোর জন্য বলা হলেও শ্রমিকরা যানবাহন না সরিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।