ডায়ালসিলেট ডেস্ক: জেলার জুড়ীতে সিহাব ডেইরি ফার্ম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রবিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌলভীবাজার টু বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কন্টিনালা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বিরতীহীন বাসটি মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে বড়লেখার উদ্দেশ্যে যাচ্ছিল।
জানা যায়, মৌলভীবাজার থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বড়লেখার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী সিহাব ডেইরি ফার্ম পরিবহনের একটি বাস। বাসটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকাবাসী আহত ৪০ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠিয়েছে। পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটি তল্লাশি করে যাত্রীদের মালামাল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত যাত্রী জুড়ী উপজেলার শিলুয়া গ্রামের শাহারা বেগম (৫০), হরিরামপুর গ্রামের নূর ইসলাম (৫৫), জালালপুর গ্রামের আব্দুস সালাম (৮০) ও বড়লেখা উপজেলার ছুলারকুলী গ্রামের শংকরী বিশ্বাসকে (২৬) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’