ডায়ালসিলেট ডেস্ক::’ইয়াবা ও আইস’ মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে টেকনাফে। বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নাফ নদ পেরিয়ে ঢুকছে এই মাদক। এসময় স্বল্প সংখ্যক মাদকের চালান আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হলেও বেশির ভাগ রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। বুধবার টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান নিয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে ৬ই অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১১টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিবি। এতে অভিযানের সফলতার বর্ণনা দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি)। এসময় উপাধিনায়ক লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল), অপস্ অফিসার মেজর রুবায়েত উপস্থিত ছিলেন। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, গত ৫ই অক্টোবর দিনগত রাত সাড়ে ৯ টারদিকে মাদকের চালান পাচারের গোপন সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল টেকনাফ সদরের গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় প্রধান সড়কে অবস্থান নেন। কিছুক্ষণ ধরে একজন সন্দেহভাজন ব্যক্তি মোটর সাইকেল যোগে আনাগোনা দেখতে পেয়ে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। মুহূর্তে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে জনৈক ব্যক্তির ৩য় তলায় বাসায় অবস্থান করে। পরে সেখান থেকে বিজিবি জওয়ানরা টেকনাফ মধ্যম গোদারবিলের হোছেন আলীর পুত্র মোঃ আব্দুল মজিদ (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। উক্ত স্থান হতে ১টি মোটরসাইকেল এবং সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। তিনি আরো জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও মোটর সাইকেলসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ১লা অক্টোবর ৩ কেজি আইসসহ রোহিঙ্গা আটক ও গত দুইদিনে তিন লাখের বেশি ইয়াবা আটক করেছে বিজিবিসহ বিভিন্ন বাহিনী।
ডায়ালসিলেট এম/