ডায়ালসিলেট ডেস্ক :: বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পে ঠাঁই হলো ৩৩ গৃহহীন পরিবারের । এতোদিন যাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও ছিল না, তারা পেলেন স্বপ্নের বাড়ি। পার্বত্য জেলা খাগড়াছড়ির কুমিল্লাটিলা এলাকায় ভূমিহীন, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রায় দুই একর জায়গার উপর ৩৪ টি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে । বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের আওতায় নির্মিত বাড়িগুলোর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।
গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদরের কুমিল্লা টিলা এলাকায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নীতকরণ প্রকল্পের অধীনে ‘বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের’ উদ্বোধন শেষে সুবিধাভোগী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
প্রতিটি পাকা ঘর প্রায় ৫০১ বর্গফুটের, প্রতিটি ঘরে রয়েছে দুটি শোবার ঘর, একটি রান্ন ঘর, একটি শৌচাগার, একটি ডাইনিং ও একটি ব্যালকনি। প্রত্যেকটি পাকা ঘর নির্মাণে খরচ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার টাকা। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নীতকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করে।
খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস বলেন, প্রতিটি ঘরের সামনে বাগানের জন্য কিছু জায়গা দেয়া হয়েছে। এই প্রকল্পের আদলে খাগড়াছড়ি পৌরসভার শালবন এলাকায় প্রতিবন্ধী, গৃহহীন, ভূমিহীন, হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায়, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরও ৮৮টি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পে স্বপ্নের পাকা বাড়ি পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা বলেন, স্বপ্নেও ভাবিনি সরকার আমাদেরকে এমন সুন্দর বাড়ি করে দেবে। স্বপ্নের বাড়ি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।
‘বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি পৌর প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।