ডায়ালসিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণমূলক অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের দক্ষিণ সুরমার তেতলীস্থ নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সরকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এবারের ঈদে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে নগদ অর্থের পাশাপাশি অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তদের কষ্ট লাঘবে কাজ করতে চাই। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে গরীব ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ১০ লাখ টাকা এবং অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।