বিনোদন ডেস্ক::
নতুন বাংলা ছবির নামের তালিকার চেয়েও এখন বেশি বিভিন্ন রাজনৈতিক দলে অভিনেতা-অভিনেত্রীদের নাম লেখানোর তালিকা। সূত্রের খবর, তৃণমূলে যোগদান করতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
২০১৮ সালে ‘বাঘ-বন্দি-খেলা’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছিলেন সায়ন্তিকা। ২০১৯-র ‘শেষ থেকে শুরু’ ছবিতে মধুবালা গানে নাচ করার পর থেকে আর কোনো ছবিতেই দেখা যায়নি সায়ন্তিকাকে। টলিউড থেকে অনেকটাই যেন দূরে সরে গিয়েছেন এই অভিনেত্রী।
এখন বেশিরভাগ সময়টাই কাটান নাচ নিয়ে। মাঝে কিছুদিনের জন্য অবশ্য জি বাংলায় মীরাক্কেলের জাজ হিসেবে দেখা গিয়েছিল সায়ন্তিকাকে। তবে এবার ফুলটাইম কাজ করতে শুরু করছেন এই অভিনেত্রী। না অভিনয়ে নয়, রাজনীতিতে।
তৃণমূলে যোগদান করতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসের আশে পাশে সব সময় দেখা যেত সায়ন্তিকা, নুসরত, মিমিকে। তবে নুসরত ও মিমির সঙ্গে বন্ধুত্বে চিড় ধরে অনেকদিন আগেই।
এমনকি নুসরতের বিয়েতে টলিউডের প্রায় সব অভিনেতা অভিনেত্রী আসলেও দেখা যায়নি সায়ন্তিকাকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে হয়তো একসঙ্গে রাজনৈতিক মাঠে দেখা যেতে চলেছে নুসরত, সায়ন্তিকা মিমি, রাজ চক্রবর্তীদের।
দর্শকেরা তাঁকে পর্দায় মিস করলেও সায়ন্তিকা এবার অনেকটা কাছাকাছি আসতে চলেছেন তাঁদের। তাই সায়ন্তিকার ক্ষেত্রে একথা সত্যি বলা যায়, টলিউডে কাজ করতে না পারলেও এবার হয়তো কাজ শুরু করবেন তিনি।