ডায়ালসিলেট ডেস্ক::ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’ নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে। দলটির নির্বাচনী প্রতীক হবে ‘সোনালী আঁশ’। সর্বোচ্চ আদালতের আদেশে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হচ্ছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেয়া হয়েছে রেজিস্ট্রেশন দেয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেয়ার জন্য আমাদের নির্দেশ দেয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য।
২০১৮ সালের নির্বাচনের আগে ইসি’র নিবন্ধন পেতে আবেদন করে তৃণমূল বিএনপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন না করা, সরকার নির্ধারিত ফি’র চালান জমা না দেয়া এবং নিবন্ধন দেয়ার মতো তথ্য না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন প্রত্যাখ্যান করে ইসি। নিবন্ধন না মেলায় আদালতে যান ব্যারিস্টার নাজমুল হুদা।
তৃণমূল বিএনপিকে দ্রুতই নিবন্ধন দেয়া হবে জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, দেরি করার তো সুযোগ নেই। আদালত নির্দেশনা দেয়ার পর তো আর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই। আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য।
গণসংহতি ও ইনসানিয়াত বিপ্লব নামে দু’টি দলও নিবন্ধন পেতে আদালতে গেছে।তাদের বিষয়ে সর্বোচ্চ আদালতের আদেশ রয়েছে কিনা, তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মো. আলমগীর।
নতুন দল নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশনার আলমগীর জানান, ৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। পাঁচটি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায় তাদের আবেদন বাতিল করা হয়েছে।
ডায়ালসিলেট এম/