ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে। মামলা নং- সিআর ১১১/২৩ইং। বর্তমানে আদালতের নির্দেশে মামলাটি রাজনগর থানার অফিসার ইনচার্জ বরাবরে তদন্তনাধিন আছে।
অভিযোগে জানা যায়, রাজনগর উপজেলার ধুলিজুরা গ্রামের মোঃ পারভেজ মিয়ার সাথে একই গ্রামের সাইদুল হোসেন রুকন (২৮) ও তার পিতা আকবর আলী খেলা (৫৫) এর জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে ৮ মে রাত্রে আকলের বাজারের নির্জনস্থানে মোঃ পারভেজ মিয়া মোবাইল ফোনে কথা বলার সময় রুকন তার পিতা খেলা’র নির্দেশে রামদা দিয়ে মাথায় ও হাতে পায়ে কুপিয়ে পারভেজকে প্রাণে মারার চেষ্টা করে।
এ সময় আকবর আলী খেলা খুর দিয়ে আঘাত করে মোঃ পারভেজ মিয়াকে মারাত্মক আহত করে। আহত পারভেজকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়।
অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালে আকবর আলী খেলা নিজ পুত্র বিপথগামী হওয়ার কারণে সাইদুল হোসেন রুকনের উপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছিলেন। তার মামলার বিবরণে প্রকাশ, সাইদুল হোসেন রুকন সর্বদা নেশার টাকার জন্য পিতা-মাতা দু’জনকে গালিগালাজ ও মারধর করতো। একদিন ঘর থেকে ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পিতা আকবর আলী খেলাকে প্রাণে মারারও চেষ্টা করে। যার মামলা নং- সিআর-৪৯/১৮ইং (রাজ)।
এ ছাড়াও সাইদুল হোসেন রুকনের চাচা প্রবাসী আনফর আলী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের নিকট সাইদুল হোসেন রুকন ও তার পিতা আকবর আলী খেলার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগে প্রকাশ, তিনি প্রবাসী হওয়ার সুবাদে তার মৌরসী জমি দখল করার চেষ্টা করেছিলো সাইদুলরা। তাকে সব সময় প্রাণে মরার হুমকি দিতো এবং ক্ষতি করার চেষ্টা করতো। আনফর আলী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আবেদন করেছিলেন।