১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

ফাল্গুনের শুরুতে মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস

ফাল্গুনের শুরুতে মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস

ডায়াল সিলেট ডেস্ক ॥ ফাল্গুনের শুরুতে আবারও শীত জেঁকে বসেছে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ও বুধবার ১৫ ফেব্রুয়ারি মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। দিনের বেলায় সূর্যের ঝলমল আলোর সাথে হিমেল হাওয়া ছিল।  সন্ধ্যা নামার পর পর তীব্র শীত অনুভুত হতে থাকে। রাতে বেশ শীত অনুভূত হয়।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অনেক স্থান থেকে শীত বিদায় নিলেও চা বাগান ও হাওর বেষ্ঠিত এলাকায় শীতের তীব্রতা অনুভূত হয়েছে। গত ২০ জানুয়ারি এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বলেন, বুধবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গলে বাতাসের গতিবেগ ছিল ২ নটিক্যাল মাইল অর্থাৎ ৩.৭১ কিলোমিটার এবং সকাল ৯ টায় বাতাসের আর্দ্রতা ছিল ১১ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার দুপুর ১২টায় শ্রীমঙ্গলে বাতাসের গতিবেগ ছিল ৪ নটিক্যাল মাইল অর্থাৎ ৭.৪১ কিলোমিটার এবং সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।