স্পোর্টস ডেস্ক :: তিন দিন আগে বাংলাদেশে এসেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। তিন দিনব্যাপী ট্রফি প্রদর্শনের শেষ দিন ছিল বুধবার। বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয় স্বপ্নের ট্রফিটি। ট্রফিটি দেখতে ভিড় করেছেন হাজারো ক্রিকেটপ্রেমী।
ট্রফি দেখার পাশাপাশি ক্যামেরাবন্দি করছেন উৎসুক জনতা। এই ট্রফি দেখা যায় রাত ৮টা পর্যন্ত। এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সবার আগে ক্রিকেটাররা ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

বসুন্ধরায় প্রদর্শনী শেষে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ট্রফিটি চলে যাবে কুয়েতে।
উল্লেখ্য, গত ২৭ জুন বিশ্বকাপের ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর সেই ট্রফি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা।
আইসিসি সূত্র জানিয়েছে, এবার সবচেয়ে বেশি ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি।