নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। আক্রান্তের সংখ্যা বাড়ছে দলের নেতাকর্মীদের মধ্যেও। তাদের বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে কয়েকজন করোনামুক্তও হয়ে উঠেছেন।আক্রান্ত নেতারা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রী বেগম রহিমা শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ফজলুল হক মিলন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোর্শেদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তাদের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আক্রান্ত এসব শীর্ষ নেতাদের প্রায় সবাই নিজ নিজ বাসায় চিকিৎসাধীন। শুধু সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন হাসপাতালে ভর্তি আছেন।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। টেলিফোনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় আক্রান্ত নেতাকর্মীদের খোঁজ-খবর রাখছেন।
নিজের সংক্রমণের কথা নিশ্চিত করে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সম্প্রতি করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি চিকিৎকের কাছে যান এবং নমুনা পরীক্ষা করান। গত রোববার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি এখনো সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন