ডায়ালসিলেট::
বিশ্বনাথে পালিয়ে যাওয়ার প্রায় ৫ মাস পর প্রবাসীর স্ত্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী লাকী বেগম (২৮) ও মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর গ্রামের সাবু মিয়ার পুত্র সাজু মিয়া (৩০)। গত সোমবার রাতে সাজু মিয়ার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ।
পুলিশ জানায়, ২০০৬ সালে বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) এর সঙ্গে বিয়ে হয় লাকী বেগমের। বিয়ের পর তাদের ঘরে একে একে জন্ম নেয় ৩টি সন্তান। এরপর নিজ বাড়িতে স্ত্রী লাকী বেগম ও ৩তিন সন্তানকে রেখে জীবিকার তাগিদে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমান নজরুল। তখন মোবাইল ফোনের রং নম্বরে ২ সন্তানের জনক সাবু মিয়ার সঙ্গে পরিচয় হয় লাকী বেগমের। এক পর্যায়ে বাড়িতে ৩ সন্তানকে রেখে স্বামীর দেওয়া ৫ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে চলতি বছরের ২৫ মে লাকী বেগমকে নিয়ে পালিয়ে যান সাজু। খবর পেয়ে সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেন লাকী বেগমের স্বামী নজরুল ইসলাম। এরপর তিনি সাজু ও লাকীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় মামলা রেকর্ড করা হয় (মামলা নং-৮)। দায়েরকৃত এই মামলার ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত সাজু মিয়া ও লাকী বেগমকে গ্রেফতার করে পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা জানান, গ্রেফতারকৃত সাজু মিয়া ও লাকী বেগমকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ/