২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই

স্পোর্টস ডেস্ক :: রাত পোহালেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ৩০ আগস্ট বুধবার পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর।

 

এশিয়া কাপের ১৬তম আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলঙ্কার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে।

 

এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

 

যা যা থাকছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে
বুধবার পর্দা উঠবে এশিয়া কাপ-২০২৩ এর। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। কিন্তু আয়োজক পাকিস্তান হওয়ায় এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা যাক।

 

কখন হবে উদ্বোধনী অনুষ্ঠান?
৩০ আগস্ট বুধবার পাকিস্তান ও নেপালের ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।

 

কোথায় হবে?
এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

কি কি থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে?
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি।

 

কোন টিভিতে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান?
ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন।