১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় মিথ্যা মামলার দায়ে বাদীকে আদালতের শোকজ

ডায়াল সিলেট ডেস্ক    বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে চার নিরীহ ব্যক্তিকে হয়রানির অভিযোগে মামলার বাদী মতিউর রহমানকে শোকজ এবং মামলার দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে মতিউর রহমান বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান ও মকদ্দছ আলীকে আসামি করে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্তে বিশ^াস ভঙ্গের মাধ্যমে অর্থ-আত্মসাতের মামলা দায়ের করেন। আদালতে বিচার প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেননি বাদী মতিউর। এরই মধ্যে মামলা চলাকালে ৪ নম্বর আসামি মকদ্দছ আলী মারা যান। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমানকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি মিথ্যা অভিযোগ দায়ের করে আসামিদের (অব্যাহতি পাওয়া) হয়রানি করায় ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় বাদী মতিউর রহমানকে শোকজ করেছেন আদালত।