ডায়ালসিলেট ডেস্ক :: নাটোরের সদর উপজেলায় বড় ভাইকে গলা কেটে হত্যার পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেছেন ছোট ভাই শাজাহান। নিহত বড় ভাইয়ের নাম ওমর ফারুক। তারা দুজনেই বুদ্ধিপ্রতিবন্ধী। তারা নাটোর সদর উপজেলার জংলী গ্রামের মৃত সিদ্দিকের ছেলে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জংলী এলাকায় এ ঘটনা ঘটে। সদর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী দুই ভাই একসঙ্গেই থাকতেন। অসুস্থতার কারণে ওমরের স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে চলে যান। সম্প্রতি শাজাহানের স্ত্রী শাজাহানকে তালাক দেন। শাজাহানের একটি তিন বছরের সন্তান রয়েছে।
নাটোর সদর থানা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে শাজাহান ছুরি দিয়ে ওমর ফারুককে গলা কেটে হত্যা করেন। পরে তিনি রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে বড় ভাই ওমর ফারুককে হত্যার কথা স্বীকার করেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।