আন্তজাতিক ডেস্ক ::
চলতি মাসের প্রথম সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়েছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ভেন্যু ঘোষণা করে প্রস্তুতির দিকে এগিয়ে যাওয়ার। তবে এবারের আয়োজক ভারতের সিদ্ধান্তহীনতা সেটিকে চলতি মাসের শেষে নিয়ে গেছে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের আরব আমিরাত এবং ওমানকে ভেন্যু হিসেবে নিজেদের বিকল্প ভাবছে ভারত।
মে মাসের প্রথম সপ্তাহেই করোনা মহামারীর জন্য স্থগিত হয়ে যায় ভারতীয় প্রিমিয়ার লিগ। সেটি আয়োজিত হবে আরব আমিরাতে। তাই আয়োজক ভারত ১০ অক্টোবরের ভেতর আইপিএল শেষ করে নভেম্বরে টি-টোয়েন্টি আয়োজনের জন্য মাঠ প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। তাই ওমানে বিশ্বকাপের প্রথম সপ্তাহের খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশ্য ভারতের এমন ভাবনার পেছনে বাস্তব কারণ আছে বলেও মনে করছেন আইসিসির এক উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি বলেছেন, “ভারতে এখন আক্রান্তের হার এপ্রিলের তিন গুণ। ২৮ জুনের সভায় বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিলে আপনি অক্টোবরে তৃতীয় ঢেউয়ের অনিশ্চয়তায় থাকবেন। ১৬ দলের একজন খেলোয়াড় আক্রান্ত হলেও আইপিএলের মতো বদলি খেলোয়াড় পাওয়া যাবেনা।”
সব মিলিয়ে আয়োজক ভারতের চোখ আছে মধ্যপ্রাচ্যে। তবে সবকিছু পরিষ্কারভাবে জানার জন্য জুনের শেষ পর্যন্ত অপেক্ষার বিকল্প নেই।