১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাযন্ত্রণার সড়ক সিলেট-ঢাকা মহাসড়ক;যানজট ও ভোগান্তি চরমে

 ডায়াল সিলেট ডেকস

সিলেট-ঢাকা মহাসড়ক যাত্রী আর চালকদের জন্য এখন মহা যন্ত্রণার সড়কে রূপ নিয়েছে। গত দেড় দুই বছর ধরে ভাঙাচোরা এই সড়কে প্রতিনিয়তই লেগে থাকে যানজট। সবচেয়ে বেশি যানজট হয় ব্রাহ্মনবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নারায়নগঞ্জের কাঁচপুর পর্যন্ত অংশে। এতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দিগুণ সময় লাগে গন্তব্যে পৌছতে। ফলে দুর্ভোগ পোহাতে হয় সকলকে।

শুক্রবার এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট লেগেছিলো। এই জটে আটকা পড়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গাড়িবহরও।

জানা যায়, গাড়িবহর নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার সকাল ১১টায় ভৈরবে টোলপ্লাজা পার হওয়ার পরই ভয়াবহ যানজটের কবলে পড়েন উপদেষ্টা। সবশেষ পুলিশ প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ২টায় উপদেষ্টার গাড়িবহরটি আশুগঞ্জ উপজেলা অংশের ১০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সক্ষম হয়।

কেন এতো যানজট
জানা যায়, এই সড়কে দুটি বৃহৎ প্রকল্পের কাজ চলছে। দুটি প্রকল্পের গতিই একাবের মন্থর। উন্নয়ন কাজের কারণে সড়কে বেড়েছে যানজট। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া অংশে সড়কের উপর অবৈধ দোকানপাট ও যত্রতত্র পাকিংয়ের কারণে যানজট তীব্র আকার ধারণ করে। আর বৃষ্টির দিনে চলমান উন্নয়ন প্রকল্পের মাটি কাদায় রূপ নেয়। ফলে সড়ক দিয়ে যানচলাচল করতে পারে না। এসব কারণেই যানজট তীব্র আকার ধারণ করেছে।

ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীকরণের কাজ চলছে। প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এই দুই প্রকল্পের কাজই চলছে একেবারে ধীরগতিতে। আশুগঞ্জ-আখাউড়া চারলেনের কাজ মাঝখানে কিছুদিন বন্ধু ছিলো।

এদিকে, বৃহৎ প্রকল্পের কাজ চলমান থাকায় এই সড়কে এখন জরুরী সংস্কার কাজও বন্ধ রয়েছে। ফলে ভাঙাচোরা সড়ক দিয়েই যান চলাচল করছে। ব্রাহ্মণবাড়িয়ায় অংশের চলমান কাজের কারণে দীর্ঘদিন ধরে সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল করে। ফলে এই অংশে সবসময়ই লেগে থাকে দীর্ঘ যানজট।

সিলেট থেকে নিয়মিত ঢাকায় যাতায়াত করতে হয় ব্যবসায়ী ফয়সল আলমকে। তিনি বলেন, এই সড়কে বাসে করে যাতায়াতের মতো দুর্ভোগের আর কিছু নেই। বাসে উঠার পর কখন গিয়ে যেয়ে ঢাকায় পৌছবো তার কোন ইয়াত্তা নেই। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। সড়ক ভাঙার কারণে ঝাঁকুনি তো আছেই।

তিনি বলেন, প্রায় দুই বছর ধরে ছয় লেনের কাজ চলছে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। এখনও ভ’মি অধিগ্রহণই শেষ হয়নি। এভাবে চলতে থাকলে ১০ বছরেও কাজ শেষ হবে না।

ফয়সল বলেন, সড়কের এই দুরবস্থার সুযোগে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়াও বাড়িয়ে দিগুণ করে ফেলা হয়েছে।

কেবল যাত্রীরা নয়, সড়কের বেহাল দশার কারণে চালকদেরও নাভিশ্বাস উঠে গেছে। ঢাকা-সিলেট সড়কে চলাচলকারী মিতালী বাসের চালক গউছ উদ্দিন বলেন, সড়কের এমন বেহাল অবস্থা যে আমরা যাত্রীদের কেবল যাত্রার সময় বলি। পৌঁছার সময়ের ব্যাপারে কোন নিশ্চয়তা দেই না। আগে ঢাকা-সিলেট একদিনে যাওয়াআসা করতে পারতাম। এখন কেবল যেতেই একদিন লেগে যায়।

এই সড়কে দুর্ভোগে পেছনে তিনটি কারণ উল্লেখ করে তিনি বলেন, ভাঙাচোড়া সড়ক, চলমান উন্নয়ন কাজ ও বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে সবসময় যানজট লেগেই থাকে।

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশের হুমায়ুন রশীদ চত্বর থেকে শেরপুর পর্যন্ত অংশ ঘুরে দেখা যায়, মহাসড়কটির বিভিন্ন স্থানে একপাশ বন্ধ রেখে সম্প্রসারণ কাজ চলছে। বেশ কয়েকটি স্থানে চলছে সেতু ও কালভার্ট নির্মাণ কাজ। অনেক জায়গায় মাটি ভরাট ও জমি অধিগ্রহণের কাজ চলছে। নির্মাণ কাজের কারণে সড়ক সরু হয়ে যাওয়ায় প্রতিদিন দেখা দিচ্ছে যানজটের। এছাড়া সড়কের অনেক জায়গায় খানাখন্দেরও সৃষ্টি হয়েছে। এ কারণে বেড়েছে ভোগান্তি। বিভিন্ন স্থানে সড়ক দেবে গেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্তের। আবার কোথাও পিচ সরে গিয়ে নিচের পাথর বের হয়ে এসেছে। এসব কারণে যানবাহনের গতি কমে আসায় যানজটের সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনাও। ছয় লেনের কাজ চলমান থাকায় এখন ভাঙাচোড়া অংশও সংস্কার করছে না সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

যদিও তবে সড়ক ও জনপথ অধিপ্তরের কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিস্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূল সড়কে এখন উন্নয়ন কাজ হচ্ছে না। সড়কের পাশে কাজ করা হচ্ছে।

এ প্রসঙ্গে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, মহাসড়কটি নতুন করে নির্মাণ হচ্ছে। দুই লেনের মহাসড়কটি ছয় লেন হচ্ছে। তাই পুরনো সড়কে খুব বেশি ব্যয় করা হচ্ছে না। যানবাহান চলাচল স্বাভাবিক রাখতে যতটুকু সংস্কার প্রয়োজন কেবল ততটুকু করা হচ্ছে।

ছয় লেনের কাজ দুই বছরে কাজ এগিয়েছে মাত্র ১৫ শতাংশ
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের উন্নেিতর কাজ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুরু হলেও দুই বছরে কাজ এগিয়েছে মাত্র ১৫ থেকে ১৬ শতাংশ। জমি অধিগ্রহণ জটিলতায় কাজ হচ্ছে ধীরগতিতে। বর্তমান সড়কের দু’পাশে ব্রিজ কালভার্ট নির্মাণের কাজ চলছে।প্রকল্পের কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে সিলেটে অঞ্চলের কোটি মানুষ।

ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের সিলেট অংশের প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় বলেন, প্রকল্পের কাজ এখন পর্যন্ত ১৫/১৬ শতাংশ অগ্রগতি হয়েছে। আমাদের ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা ছিল। একারণে কাজ আশানুরুপ এগোয়নি। তবে এখন জটিলতা অনেকটা কেটে গেছে। এখন দ্রুত গতিতেই কাজ এগিয়ে চলবে।

এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২০৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ সম্প্রসারণ এবং সিলেট-তামাবিল মহাসড়কের ৫৬ দশমিক ১৬ কিলোমিটার এলাকা চার লেনে উন্নীতকরণ করার কথা। আগামী বছরের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে সংশ্লিস্টরা জানিয়েছেন নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না।

তিন মাস বন্ধ ছিলো চার লেন প্রকল্পের কাজ

৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রায় তিন মাস বন্ধ ছিলো আশুগঞ্জ-আখাউড়া ৫১ কেিলামিটার সড়কে চার লেন প্রকল্পের কাজ। যদিও নভেম্বর থেকে আবার এই সড়কের কাজ শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের কাজের কাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায়ই অচলাবস্থা দেখা দেয়। এই সড়কে যাতায়াতকারীদের দুর্ভোগ চরমে পৌছে গেছে।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী নিজ দেশে চলে যাওয়ায় বন্ধ ছিল নির্মাণকাজ। ফলে আশুগঞ্জ-আখাউড়া চার লেন জাতীয় মহাসড়ক প্রকল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এই সড়কে বাস চালানো একাধিক চালক জানান, এই মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের কারণে যান চলাচল বাধাপ্রাপ্ত হয়। বিশ্বরোড মোড়ে প্রায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। তারা জানান, মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ দশমিক ২১ কিলোমিটার; এ অংশ জুড়ে আছে খানাখন্দ ও ছোট-বড় গর্ত। যে কারণে এখানে গাড়ির সর্ব্বোচ্চ গতিবেগ নেমে আসে ১০ কিলোমিটারে। এই ১২ কিলোমিটার এলাকায় সবসময় দীর্ঘ জানজট লেগে থাকে।

চার লেন প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন প্রকল্পের অধীনে থাকায় মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ হয়নি। ফলে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ৪ কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ বলেন, এখন পুরোদমে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে পুরো কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হতে পারে।