স্পোর্টস ডেস্ক;:মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে ক্যারিয়ারে এটি ২০০তম ম্যাচ। আর মাইলফলকের ম্যাচে বল হাতে ঝলক দেখালেন তিনি। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইনিংসের শুরুর দিকেই মাহমুদুল্লাহর হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। আর বল হাতে মাহমুদুল্লাহ দলকে এনে দেন স্বস্তি। মাহমুদুল্লাহ প্রথমে সাজঘরে ফেরান জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরকে। তামিমের হাতে ক্যাচ দেয়ার আগে জিম্বাবুয়ে দলের অধিনায়ক টেইলর করেন ২৮ রান। ১৭.৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৭৮/২-এ।
তবে ব্যাটিং প্রমোশন নিয়ে এদিন ওপেনিংয়ে খেলতে নামা রেজিস চাকাভা ও ডিয়ন মায়ার্স বড় সংগ্রহহের পথে নিয়ে যাচ্ছিলেন স্বাগতিক দলকে।
তবে দারুণ এক ডেলিভারিতে মায়ার্সকে বোল্ড করে মাহমুদুল্লাহ ভাঙেন ৭০ রানের জুটি। ২৯.২তম ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৪৯/৩-এ। ইনজুরি ফেরত মোস্তাফিজুর রহমান দ্রুতই সাজঘরে ফেরান আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান মাধেবেরেকে। এরপর দলকে সবচেয়ে স্বস্তিদায়ক উইকেটটি এনে দেন পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৮৪ রানে চাকাভাকে পরিষ্কার বোল্ড করেন তাসকিন। এতে ৩৪.১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৭২/৫-এ। ৯১ বলের ইনিংসে চাকাভা হাঁকান সাতটি চার ও একটি ছক্কা।
বাংলাদেশের ক্যাপ মাথায় ২০০ ম্যাচের কৃতিত্ব দেখানো পঞ্চম ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে গর্বের এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন মুশফিকুর রহীম (২২৭), তামিম ইকবাল (২১৮) মাশরাফি বিন মুর্তজা (২১৮) ও সাকিব আল হাসান (২১৪)।
ডায়ালসিলেট এম/১৫