২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রয়োগ করা হবে: পুলিশ কমিশনার

ডায়ালসিলেট::

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উদ্যোগে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় থানা প্রাঙ্গনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সুধি সমাজ, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ওপেন হাউজ- ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যে কোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এডিসি শাহরিয়ার আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার শফিক, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার প্রবাস কুমার সিংহ, অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন। এসময় এয়ারপোর্ট থানার এসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণসহ প্রায় ৬/৭ শত জন লোক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, আমি এসএমপিতে দায়িত্ব পালনকালে কখনও অন্যায়কে প্রশ্রয় দিবোও না। দুর্নীতি মুক্ত পুলিশ গড়ে তোলা আমার প্রথম কাজ। আমার কোন পুলিশ সদস্য যদি দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাকে কোন ছাড় দেওয়া হবে না। এসএমপির এলাকাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রয়োগ করা হবে। মাদক নির্মূল করতে হলে আমাদের সবাইকে পারিবারিক ভাবে সোচ্চার হতে হবে। এসএমপিতে কোনো মাদক, ভূমি দস্যু ও সন্ত্রাসীদের স্থান হবে না। সে যে দলেরই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। মাদকের শুরু মানেই স্বপ্নের মৃত্যু। একটি জঙ্গির জন্ম মানেই একটি জাতির মৃত্যু। তাই আসুন আমরা সবাই মিলে মাদক এবং জঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়াই।