ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমান্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় অবস্থান করছে। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা থেকে তিনি বর্তমানে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তৈরি করেছেন। যদি মনোনয়ন পাই তাহলে সেই স্মার্ট বাংলাদেশের প্রথম ‘স্মার্ট নগরী’ সিলেটকে গড়তে চাই।
মনোনয়নপত্র সংগ্রহের সময় সাথে উপস্থিত ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম আহমদ, দক্ষিণ সুরমা আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বকস সালাই, ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. ছিফত আলী, ৭নং ওয়ার্ড কৃষক লীগ নেতা রিপন রায়, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল প্রমুখ।
আগামী ২৩ মে সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল, ১ জুন প্রত্যাহার এবং ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।