৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে এক টাকায় মিলছে ডাক্তারি পরামর্শ !

ডায়াল সিলেট ডেস্ক ॥  মাটির ব্যাংকের মধ্যে এক টাকা জমা করলেই পাচ্ছেন ডাক্তারি পরামর্শ। তাও আবার এমবিবিএস ডাক্তার। এমন ব্যতিক্রধর্মী স্বাস্থ্যসেবার আয়োজন করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন। জেলার কমলগঞ্জে চা শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা পাচ্ছেন ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস পরীক্ষাসহ নানা ধরণের প্রাথমিক চিকিৎসাসেবা সেবা।
সোমবার (৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশের সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভায় দিনব্যাপী ‘১ টাকায় ডাক্তারি পরামর্শ’ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
কমলগঞ্জের রামপাশা গ্রামের জয়নাল হোসেন ১ টাকায় চিকিৎসা নেন। তিনি বলেন, ‘জেলা সদরে ডাক্তার দেখাতে ৫০০ থেকে ৭০০ টাকা ভিজিট দিয়ে চিকিৎসা নিতে হয়। এখানে আমরা সহজেই মাত্র এক টাকা ব্যাংকে দিয়ে চিকিৎসা নিলাম।’
চিকিৎসা নিতে আসা পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের ডায়াবেটিস রোগী সালেহা আক্তার বলেন, ‘এভাবে এক টাকায় এমবিবিএস ডাক্তারের পরামর্শ আগে কখনো পাইনি। চিকিৎসা নিতে এসে ভালোই লেগেছে।’
পৌর মেয়র মো.জুয়েল আহমেদ বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পরিসেবার সর্বোত্তম চেষ্টা করছে সরকার। প্রান্তিক জনপদে মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একদিন ছয় ঘন্টা করে বিভিন্ন ইউনিয়নে একজন এমবিবিএস ডাক্তারের উপস্থিতিতে ডাক্তারি পরামর্শ ও সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ১৯ ফেব্রুয়ারি প্রথম স্বাস্থ্যসেবা দেওয়া হয় উপজেলার পাত্রখোলা চা বাগানে।