৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে চিরনিদ্রায় শায়িত খেলাফত মজলিস আমির

ডায়ালসিলেট ডেস্ক॥ খেলাফত মজলিসের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে শহরের টিলাগড় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমির হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ।

জানাজায় শরিক ছিলেন খেলাফত মজলিসে নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক আবু সালমান, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী প্রমুখ। জানাজায় স্থানীয় আলেম-উলামা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, খেলাফত মজলিসের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় পল্টন বক্সকালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমকে শেষবারের মতো দেখতে আসেন এবং দোয়ায় শরিক হন দলের নেতাকর্মীরা। পরে রাতেই তার লাশ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজারে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি দলীয় ইফতার মাহফিলে স্ট্রোক করে মারা যান মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস পদে হাদিসের দরস দেন। মৌলভীবাজার সরকারি কলেজেও অধ্যাপনা করেন।

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালে ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা আবদুন নূর শায়খে ইন্ধেশ্বরী ছিলেন প্রখ্যাত আলেম। কর্মজীবনে তিনি বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। তিনি একজন লেখকও। তার কয়েকটি বই বাজারে রয়েছে।