ডায়াল সিলেট ডেস্ক: যথাযথ মর্যাদায় মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের স্থানীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সরকারি, আধা- সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার), স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দেসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ।
পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় চেক বিতরণ, জেলা প্রশাসনের আয়োজনে দুস্থদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান ও বিএনএসবি,মৌলভীবাজার’র আয়োজনে মাতারকাপনস্থ চক্ষু হাসপাতালে ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা, ওষুধ ও ক্যাটারেক্ট অপারেশন করা হয়।